
কাজী রকিবুল হক রিপন ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের নয়াদিল্লির কত্থক কেন্দ্র থেকে কত্থক নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উপমহাদেশের খ্যাতিমান নৃত্যগুরুদের কাছে তালিম নিয়েছেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ, রীতা গাঙ্গুলী ও শিবলি সাদিক প্রমুখ।
২০০০ সাল থেকে তিনি নৃত্যাঞ্চল মিউজিক অ্যান্ড ডান্স কোম্পানির জ্যেষ্ঠ নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম, হাওর অঞ্চল ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং আদিবাসী নৃত্য নিয়ে তিনি গবেষণা করছেন। এ বিষয়ে তাঁর কয়েকটি প্রবন্ধ সরগম ও মাসিক নৃত্যাঞ্চল বুলেটিন-এর বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়েছে। তাঁর মূল গবেষণাপত্রের কাজ এখনও চলমান।
নৃত্যাঞ্চলের পাশাপাশি তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার খণ্ডকালীন প্রশিক্ষক এবং বুলবুল ললিতকলা একাডেমির ধ্রুপদি নৃত্য প্রশিক্ষক হিসেবেও যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠান নৃত্যালয়ের পরিচালক ও প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কত্থকসহ শাস্ত্রীয় নৃত্যের ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি তাত্ত্বিক শিক্ষাদানেও তিনি বিশেষভাবে পারদর্শী। নৃত্যের ব্যবহারিক ও তাত্ত্বিক উভয় দিকেই তাঁর এই দক্ষতা তাঁকে বাংলাদেশের শাস্ত্রীয় নৃত্যশিক্ষার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।
Social Media Link: https://www.facebook.com/kaziripon123

