পাঠক ব্যাংক কী?

চারুলতা সৃজনকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ শক্তি হলো আমাদের পাঠক ব্যাংক। সংখ্যায় হয়তো এটি এখনও বড় নয়, কিন্তু এই পাঠকরাই আমাদের কাজের কেন্দ্রবিন্দু। তাঁরা শুধু বই কেনেন না; বই পড়েন, বই নিয়ে আলোচনা করেন এবং বইকে ঘিরে আমাদের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

আমরা এমন একটি সক্রিয় ও বিশ্বস্ত পাঠকসমাজ গড়ে তুলতে চাই, যারা চারুলতার প্রকাশিত বইয়ের নিয়মিত পাঠক ও ক্রেতা হওয়ার পাশাপাশি পাঠ আসর, সাহিত্য আড্ডা, পাঠচর্চা ও বই আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। অর্থাৎ তাঁরা শুধু বইয়ের ক্রেতা নন, বইয়ের সহযাত্রী।

এই পাঠকসমাজকে ধীরে ধীরে আরও বিস্তৃত করাই আমাদের লক্ষ্য। একটি পর্যায়ে পৌঁছে আমরা চাই, কোনো নতুন বই প্রকাশের পর তার পাঠক খুঁজে পাওয়ার জন্য আলাদা করে অনিশ্চয়তার মধ্যে থাকতে না হয়। চারুলতার পাঠক ব্যাংকের সদস্যরাই হবেন সেই বইয়ের প্রথম পাঠক, প্রথম ক্রেতা এবং প্রথম প্রচারক।

আমাদের কাছে তাই পাঠক ব্যাংক কেবল একটি ক্রেতার তালিকা নয়; এটি বই প্রকাশ ও বই আন্দোলনের মধ্যে একটি জীবন্ত সেতু।বই প্রকাশকের হাতে জন্ম নেয়, কিন্তু পাঠকের হাতেই তার প্রকৃত জীবন শুরু হয়।

লেখকের নিজস্ব পাঠক ব্যাংক

চারুলতা সৃজনকেন্দ্রের পাঠক ব্যাংকের একটি বিশেষ উদ্যোগ হলো লেখকের নিজস্ব পাঠক ব্যাংক। আমরা প্রত্যেক লেখককে উৎসাহিত করব তাঁর পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী ও পেশাজীবনের সহকর্মীদের নিয়ে একটি সম্ভাব্য পাঠকতালিকা তৈরি করতে। পাণ্ডুলিপির সঙ্গে লেখক এই তালিকা চারুলতার কাছে জমা দেবেন। এতে পাঠকের নাম, মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বর, ই-মেইল, বই পাঠানোর পূর্ণ ঠিকানা এবং লেখকের সঙ্গে তাঁর সম্পর্কের সংক্ষিপ্ত তথ্য থাকবে। চারুলতা এই তথ্যকে নিরাপদে সংরক্ষিত একটি পাঠক-তথ্যভান্ডারে যুক্ত করে সংশ্লিষ্ট বই প্রকাশের আগেই পাঠকদের সঙ্গে যোগাযোগ, বইয়ের পরিচিতি ও প্রকাশনা-সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার কাজ করবে। বই প্রকাশের পর এই পাঠকরাই হবেন বইটির প্রথম ক্রেতা ও পাঠক; তাঁদের প্রকাশনা উৎসবে আমন্ত্রণ জানানো হবে এবং পাঠক ব্যাংকের সদস্য হিসেবে তাঁরা বিশেষ মূল্যছাড়ও পাবেন। এর ফলে লেখককে সরাসরি নিজের বই কেনার অনুরোধ করতে হবে না; লেখকের হয়ে পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া ও বিক্রির উদ্যোগ নেবে চারুলতা। একই সঙ্গে লেখক তাঁর বইয়ের একটি প্রাথমিক পাঠকসমাজ, বিক্রির একটি সম্ভাব্য ভিত্তি এবং প্রকাশের পরপরই পাঠকের প্রতিক্রিয়া পাওয়ার একটি নির্ভরযোগ্য পরিসর তৈরি করতে পারবেন।    

কমপক্ষে ৩০০ জন সক্রিয় পাঠকের একটি পাঠক ব্যাংক গড়ে উঠলে লেখক ও প্রকাশক দু’পক্ষের কাছেই প্রতিটি নতুন বইয়ের অন্তত ৩০০ কপি বিক্রির একটি শক্তিশালী সম্ভাব্য ভিত্তি তৈরি হবে। আর এই পাঠকসমাজ যদি নিয়মিত বই কেনার অভ্যাস তৈরি করে, তাহলে একজন লেখকের জন্য বছরে একাধিক বই প্রকাশের সম্ভাবনাও তৈরি হবে। এমনকি দুই-তিন মাস অন্তর নতুন বই প্রকাশ করলেও লেখক জানবেন, তাঁর নিজস্ব পাঠক ব্যাংকে এমন একটি পাঠকসমাজ রয়েছে, যারা নিয়মিত তাঁর বই কিনতে আগ্রহী। ফলে বই প্রকাশ আর অনিশ্চিত বিক্রির ওপর নির্ভর করবে না; বরং লেখক, পাঠক ও প্রকাশকের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তৈরি হবে।