পাঠযাত্রা

চারুলতা প্রকাশনীর বই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম পাঠযাত্রা। বইকে কেবল ব্যক্তিগত পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশু-কিশোর, তরুণ, অভিভাবক ও সাধারণ পাঠকের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, পাঠের আনন্দ ভাগ করে নেওয়া এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
পাঠযাত্রার আওতায় বয়স ও পাঠকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

আনন্দপাঠ

শিশু-কিশোরদের জন্য আয়োজিত এই কার্যক্রমে কবিতা, গল্প, অনুগল্প ও হিতোপদেশের মতো সাহিত্যকর্ম বই থেকে পড়ে শোনানো হয়। অন্যদিকে, সাধারণ বয়সী পাঠকদের জন্য সপ্তাহান্তে বইপাঠ এবং পাঠ-অভিজ্ঞতা ও বই নিয়ে আলোচনা লেখার আয়োজন করা হয়। এর মাধ্যমে পাঠের আনন্দের পাশাপাশি ভাবনা প্রকাশ ও আলোচনার অভ্যাস তৈরি হয়।

চলচ্চিত্রের বই নিয়ে কিশোরীদের ঘরোয়া পাঠের আসর
চারুলতা সৃজনকেন্দ্রের বই আন্দোলন উদ্যোগের আওতায় পরিচালিত পাঠযাত্রা কার্যক্রমের অংশ হিসেবে সহযোগী সংগঠন গানের তরী বাংলাদেশ-এর কিশোর বিভাগের সংগীত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চলচ্চিত্রবিষয়ক বই পড়ার একটি ঘরোয়া আসর।
আসরে মোট ১১ জন কিশোরী অংশগ্রহণ করে। চারুলতা সৃজনকেন্দ্রের লাইব্রেরিতে তারা একটানা চলচ্চিত্রবিষয়ক বই পড়ে। পড়া শেষে বইগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনায় অংশ নেয় তারা।
পাঠের মধ্য দিয়ে চলচ্চিত্রকে জানা, বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা এবং নিজেদের ভাবনা ভাগ করে নেওয়ার এই আয়োজন ছিল কিশোরীদের জন্য একটি আনন্দময় পাঠ-অভিজ্ঞতা।
পাঠযাত্রা চারুলতা সৃজনকেন্দ্রের একটি অনানুষ্ঠানিক বই পড়ার কার্যক্রম।
আসরটি পরিচালনা করেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক সৈয়দা নিগার বানু।

সৃজনশীল লেখার কর্মশালা

পাঠযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সৃজনশীল লেখার কর্মশালা । নিয়মিত পাঠের মধ্য দিয়ে নতুন চিন্তা ও কল্পনাশক্তির বিকাশ ঘটিয়ে আগ্রহী পাঠকদের সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করা এবং নতুন লেখক তৈরির পথ তৈরি করাই এই কর্মশালার উদ্দেশ্য।

পাঠাগার নির্মাণ

এ ছাড়া চারুলতা তার অংশীজন ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব বা দলীয় পাঠাগার গড়ে তুলতে উৎসাহিত করে। পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগে তাঁদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার মাধ্যমে বইকে ব্যক্তিগত সংগ্রহের গণ্ডি পেরিয়ে একটি বৃহত্তর পাঠসম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

অনলাইন কার্যক্রম

বইপাঠকে আরও বিস্তৃত ও সৃজনশীলভাবে ছড়িয়ে দিতে অনলাইনভিত্তিক বিভিন্ন আয়োজনও পাঠযাত্রার অন্তর্ভুক্ত । এর মধ্যে রয়েছে ডিজিটাল পত্রিকা প্রকাশে উৎসাহ দেওয়া, ব্লগ লেখা, ফেসবুকে বেস্ট বুক রিভিউ আয়োজন, প্রিয় বই ও প্রিয় লেখকের তালিকা তৈরি, প্রিয় উক্তি সংগ্রহ এবং প্রিয় গল্পের সংলাপ ভাগ করে নেওয়ার মতো কার্যক্রম।

Youtube

LinkedIn


পাঠযাত্রার লক্ষ্য হলো পাঠক তৈরি করা, পাঠের অভ্যাসকে আনন্দময় ও সামাজিক করে তোলা এবং বইকে কেন্দ্র করে চিন্তা, সৃজনশীলতা ও পারস্পরিক সংযোগের একটি সক্রিয় পরিসর গড়ে তোলা।