সেবক বিশ্বাস। জন্ম: ১৯৭৫ সাল

কবি সেবক বিশ্বাস চারুলতা সৃজনকেন্দ্রের সম্পাদনা পর্ষদের একজন সম্মানীত সদস্য।


খুলনার ডুমুরিয়ার লোহাইডাঙ্গা গ্রামের মাটি ও মানুষের কাছে তাঁর শৈশবের প্রথম ঋণ। ১৯৭৫ সালের ৭ অক্টোবর সেই গ্রামেই জন্ম কবি সেবক বিশ্বাসের। শৈশবের সেই মাটির পথ পেরিয়ে তাঁর শিক্ষাজীবন বিস্তৃত হয়েছে বান্দা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বি.এল. কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পর্ব সম্পন্ন করলেও মানুষের জীবন, সমাজ ও অনুভবের পাঠ তাঁর কাছে আজও চলমান। বর্তমানে তিনি সরকারি বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি শব্দ ও সুরের জগৎও তাঁর সৃজনের আপন পরিসর। তিনি বাংলাদেশ বেতারের একজন গীতিকার। কবিতা ও গানের ভেতর দিয়ে তিনি খুঁজে ফেরেন জীবনের আলোঅন্ধকার, স্মৃতি, বিষাদ ও অনুভবের নানা অনুরণন।

প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—

১. পেনসিলে আঁকা জীবন (২০১৬)
২. ভাঙা বেহালার অন্ধকার (২০১৭)
৩. বিস্রস্ত বেহাগ (২০১৯)
৪. বাণী ও বীণা (২০২০)

জীবন ও সমাজের নানামাত্রিক অভিজ্ঞতা তাঁর লেখায় কখনো হয়ে ওঠে পেনসিলের আঁচড়, কখনো ভাঙা বেহালার দীর্ঘশ্বাস, কখনো বা বেহাগের সুর। সেই অনুসন্ধানী যাত্রাতেই সেবক বিশ্বাসের কবিসত্তা ক্রমশ নিজের স্বর নির্মাণ করে চলেছে।

Social Media Link : https://www.facebook.com/sebak.biswas.948