
চারুলতা সৃজনকেন্দ্র কী ও কেন
চারুলতা সৃজনকেন্দ্র একটি পাঠককেন্দ্রিক সৃজনশীল উদ্যোগ, যার লক্ষ্য বই প্রকাশের পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলা, নতুন লেখক তৈরি করা এবং সমাজের বিভিন্ন স্তরে পাঠসংস্কৃতির বিস্তার ঘটানো। বইকে কেবল প্রকাশ ও বিক্রির পণ্য হিসেবে নয়, মানুষের চিন্তা, সৃজনশীলতা, আত্মপ্রকাশ ও পারস্পরিক সংযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করে চারুলতা তার কার্যক্রম পরিচালনা করে।
চারুলতার কাজ দুটি প্রধান ধারায় বিন্যস্ত
সৃজন: বই প্রকাশ ও বিপণন
সৃজন বিভাগের মাধ্যমে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও অন্যান্য সৃজনশীল কাজ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। মুদ্রিত বইয়ের পাশাপাশি ই-বুক প্রকাশকেও সমান গুরুত্ব দেওয়া হয়, যাতে বই আরও বিস্তৃত পাঠকের কাছে পৌঁছাতে পারে।

অন্বেষণ: বই আন্দোলন
অন্বেষণ বিভাগের মাধ্যমে পাঠচক্র, সাহিত্য আড্ডা, প্রকৃতির মাঝে নীরব পাঠ, শিশু-কিশোরদের পাঠ কার্যক্রম, সৃজনশীল লেখার কর্মশালা, পাঠাগার গঠন এবং অনলাইনভিত্তিক পাঠ-আয়োজন পরিচালনা করা হয়। এর উদ্দেশ্য পাঠক তৈরি করা, পাঠের আনন্দ ভাগ করে নেওয়া এবং বইকে ঘিরে একটি সক্রিয় ও চিন্তাশীল সমাজ গড়ে তোলা।
কেন চারুলতা সৃজনকেন্দ্র?
আমাদের সমাজে অনেক মানুষ লিখতে চান, কিন্তু তাঁদের সৃষ্টিশীল কাজ প্রকাশের সুযোগ সীমিত। একইভাবে, বই পড়ার আগ্রহ থাকলেও অনেকের কাছে উপযুক্ত বই, পাঠের পরিবেশ ও পাঠসঙ্গী সহজে পৌঁছায় না। চারুলতা সৃজনকেন্দ্র এই দুই ক্ষেত্রেই কাজ করতে চায়।
আমরা বিশ্বাস করি, একটি বই শুধু প্রকাশের জন্য নয়। একটি বই পাঠকের হাতে পৌঁছাবে, পাঠের অভিজ্ঞতা তৈরি করবে, আলোচনার জন্ম দেবে এবং নতুন চিন্তার পথ খুলে দেবে। সেই ভাবনা থেকেই চারুলতা সৃজনকেন্দ্র ও বই আন্দোলনকে একই ধারার দুটি পরস্পরসম্পর্কিত কাজ হিসেবে দেখে।
চারুলতা সৃজনকেন্দ্র উদ্দেশ্য শুধু বই প্রকাশ করা নয়, বইকে কেন্দ্র করে পাঠক, লেখক ও সমাজের মধ্যে একটি সৃজনশীল সম্পর্ক গড়ে তোলা।
বই হোক আত্মপ্রকাশের ভাষা, পাঠ হোক চিন্তা ও মানবিক বিকাশের পথ।

