বইয়ের সঙ্গে দীর্ঘ যাত্রা
চারুলতা সৃজনকেন্দ্র কেবল বই প্রকাশের একটি উদ্যোগ নয়; এটি বইকে ঘিরে দীর্ঘদিনের সাংস্কৃতিক পথচলার একটি স্বাভাবিক পরিণতি।সঙ্গীত, চলচ্চিত্র ও গণসংগঠনের সঙ্গে আমাদের প্রায় দুই দশকেরও বেশি সময়ের কাজের মধ্য দিয়ে একটি নিজস্ব জনপথ তৈরি হয়েছে। সেই পথের সঙ্গে বই পড়া, বই প্রকাশ এবং পাঠক তৈরির কাজকে যুক্ত করার প্রয়োজন থেকেই চারুলতা প্রকাশনীর জন্ম।

সেই জায়গা থেকেই নিজেদের বই নিজেদের উদ্যোগে প্রকাশ ও বিপণনের ভাবনা, এবং পরে চারুলতা প্রকাশনীর পথচলা।
এই প্রয়োজন আরও স্পষ্ট হয়ে ওঠে নিজেদের বই প্রকাশের অভিজ্ঞতায়। প্রচলিত প্রকাশনা ব্যবস্থায় অনেক সময় লেখকের সৃষ্টির যথাযথ মর্যাদা, বিক্রয়ের স্বচ্ছ হিসাব কিংবা রয়্যালটির নিশ্চয়তা থাকে না। নতুন লেখক অথবা প্রচলিত বাজারের বাইরে থাকা বিষয়ের বই প্রকাশের সুযোগও সীমিত। আমরা বিশ্বাস করি, একজন লেখকের বই প্রকাশের সঙ্গে তার প্রতি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং সম্মানও সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে মিউজিক থেরাপি নিয়ে দীর্ঘদিনের গবেষণা ও মাঠপর্যায়ের কাজের ভিত্তিতে রচিত ‘বাংলাদেশে মিউজিক থেরাপির চর্চা’ গ্রন্থটি নিজেদের উদ্যোগে প্রকাশ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা চারুলতার এই ভাবনাকে আরও দৃঢ় করে।
চারুলতা থেকে সাহিত্য, গবেষণা ও সৃজনশীল চিন্তার বিভিন্ন বিষয়ের বই প্রকাশিত হবে। হার্ড কপির পাশাপাশি ই-বুককেও আমরা সমান গুরুত্ব দিই। নতুন লেখক, গবেষণাধর্মী কাজ এবং প্রচলিত বাজারের বাইরে থাকা গুরুত্বপূর্ণ বিষয়কে প্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি আমাদের আরেকটি বড় লক্ষ্য পাঠক তৈরি করা।

এই কারণেই চারুলতার কাজ দুটি ধারায় এগিয়ে চলবে: সৃজন এবং অন্বেষণ। সৃজনের পরিসরে থাকবে বই প্রকাশ ও বিপণন; আর অন্বেষণের পরিসরে থাকবে বই আন্দোলন, পাঠচর্চা এবং নতুন পাঠকের সন্ধান ও সৃষ্টি।
আমরা বিশ্বাস করি, একটি বই কেবল মুদ্রিত কিছু পৃষ্ঠা নয়; এটি একজন মানুষের চিন্তা, অনুভব, গবেষণা ও সৃজনশীলতার দীর্ঘ যাত্রার প্রকাশ। একটি ভালো বই শুধু প্রকাশিত হওয়ার জন্য জন্মায় না; পড়া, আলোচনা, সংরক্ষণ এবং নতুন চিন্তার জন্ম দেওয়ার জন্যও জন্মায়। তাই বই প্রকাশের পাশাপাশি পাঠ আসর, সাহিত্য আড্ডা, রবীন্দ্রবচন আসর, প্রকৃতির মাঝে নীরব পাঠ, সৃজনশীল লেখার কর্মশালা, পাঠাগার গঠনসহ নানা উদ্যোগের মাধ্যমে আমরা একটি মননশীল পাঠকসমাজ গড়ে তুলতে চাই। শিশু ও কিশোরদের আমরা এই উদ্যোগের বিশেষ অগ্রাধিকার হিসেবে দেখি।
আমাদের পথচলার মূল কথা তাই খুব সরল:
বই প্রকাশের মাধ্যমে সৃজনকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং পাঠের মাধ্যমে নতুন চিন্তার অন্বেষণ করা।
বই হোক আত্মপ্রকাশের ভাষা।
চারুলতার এই পথচলা কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। গত দুই দশকের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে গড়ে ওঠা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, অনলাইন প্ল্যাটফর্ম, লেখক, শিল্পী, পাঠক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়েই এই যাত্রা। আমরা বিশ্বাস করি, পাঠক তৈরি কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়; এটি সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টার ফল।
ঢাকার বাইরে থেকে বই প্রকাশ ও বিপণনের ক্ষেত্রে একটি ভিন্ন দৃষ্টান্ত তৈরি করাও আমাদের স্বপ্ন। ছোট শহর হওয়ার কারণে বইকে ঘিরে যে সুযোগ ও পরিসর থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই, চারুলতা সেই বঞ্চনার খানিকটা নিরাময় করতে চায়। আমাদের শহরে বিনোদন, খাবার ও নানা নাগরিক আয়োজনের জায়গা আছে; কিন্তু বইকে নিয়ে তেমন কোনো উদ্যোগ নেই, বলা ভালো কিছুই নেই। বইকে ঘিরে একটি প্রাণবন্ত পরিসরের প্রয়োজনও মেটানোর ক্ষদ্র প্রচেষ্টা চারুলতা গ্রহণ করতে চায়।
ভবিষ্যতের চারুলতা তাই শুধু একটি প্রকাশনী হয়ে থাকতে চায় না। আমরা এমন একটি বইকেন্দ্রিক পরিসর গড়ে তুলতে চাই, যেখানে বই পাওয়া যাবে, পড়া যাবে, বই নিয়ে কথা বলা যাবে এবং নতুন পাঠকের জন্ম হবে। আমাদের সংগ্রহে ইতোমধ্যে দুই হাজারের বেশি বই রয়েছে; ভবিষ্যতে এই সংগ্রহ আরও সমৃদ্ধ হবে। একদিন এই পরিসর একটি বই হাব, পাঠকেন্দ্র কিংবা লাইব্রেরির রূপ নিতে পারে।

